Khabor Ekhon
সিবিআইয়ের জবাব চেয়ে ফের পথে অভয়ার আন্দোলনকারীরা
শ্রীতমা ব্যানার্জী : আর জি কর কাণ্ডে বিচার পাওয়ার অপেক্ষা যেন ক্রমেই দীর্ঘ হচ্ছে। তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন, অপরাধীদের শাস্তির দাবি এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন ঘিরে ক্ষোভ, এই তিন ইস্যুকে সামনে রেখেই বৃহস্পতিবার ফের প্রতিবাদের পথে নামলেন নাগরিক সমাজের একাংশ। ‘ভয়েস অফ অভয়া, ভয়েস অফ উইমেন’ সংগঠনের ব্যানারে আয়োজিত এই মিছিল থেকে সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে জবাব চাওয়া হল।বৃহস্পতিবার দুপুরে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর থেকে মিছিল শুরু হয়। আন্দোলনকারীদের মূল প্রশ্ন, আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কীভাবে জামিন পেলেন? যে মামলায় এতদিন ধরে তদন্ত চলছে, সেখানে তদন্তের অগ্রগতি কোথায়? কেন এখনও বিচারপ্রক্রিয়া প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না? এই সমস্ত প্রশ্ন তুলে সিবিআইয়ের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন প্রতিবাদীরা।আন্দোলনকারীদের বক্তব্য, নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে সাত দিনের মধ্যে বিচার সম্পন্ন করার যে প্রতিশ্রুতির কথা বলা হয়েছিল, তার বাস্তবায়ন কোথায়? দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্যাতিতার পরিবার কেন এখনও ন্যায়বিচারের অপেক্ষায় থাকবে, সেই প্রশ্নও তোলা হয় মিছিল থেকে।তবে প্রতিবাদের মঞ্চ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তাও দেওয়া হয়েছে। অপরাধীদের শাস্তি দিতে গিয়ে কোনওভাবেই আইনবহির্ভূত পন্থা বা সংঘর্ষের মাধ্যমে বিচার প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, এনকাউন্টার করে বিচার নয়, স্বচ্ছ তদন্ত এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।উল্লেখ্য, ২০২৪ সালের অগস্টে আর জি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছিল। সেই ঘটনার পর হাসপাতালের আর্থিক অনিয়মের অভিযোগেও তদন্ত শুরু হয়। এই আর্থিক দুর্নীতির মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে জামিন পান। তাঁর জামিনের সিদ্ধান্ত ঘিরেই নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে নাগরিক সমাজের একাংশের মধ্যে।অন্যদিকে, আর্থিক অনিয়মের তদন্তে সম্প্রতি ইডির তলবের মুখে হাজিরাও দিয়েছেন সন্দীপ ঘোষ। তবে বৃহস্পতিবারের প্রতিবাদে আন্দোলনকারীরা স্পষ্ট করে দিয়েছেন, জামিনে মুক্তি পেলেও বিচার ও জবাবদিহির দাবি থেমে থাকবে না।আর জি কর কাণ্ডে নির্যাতিতার পরিবারের ন্যায়বিচারের দাবি আজও অমলিন। সময় যত এগোচ্ছে, ততই জোরালো হচ্ছে প্রশ্ন, তদন্তের শেষ কোথায়, আর কবে মিলবে প্রকৃত বিচার?
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

