Khabor Ekhon
রাতের অন্ধকারে কালীঘাটে তাণ্ডবের অভিযোগ, অভিষেকের নিশানায় বিজেপি ও পুলিশ
শ্রীতমা ব্যানার্জী : রাতের অন্ধকারে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। আজ ভোররাতে কলকাতার কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলার অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। এই ঘটনায় সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন অভিষেক। তাঁর দাবি, রাত ২টো নাগাদ বিজেপির দুষ্কৃতীরা তাঁর বাড়িতে হামলা চালায়। আর সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল কলকাতা পুলিশ।শনিবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করে গোটা ঘটনার কথা সামনে আনেন অভিষেক। তাঁর অভিযোগ, গত দু’দিন ধরে তাঁর বাড়ি ও অফিসের আশপাশে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি নজরদারি চালাচ্ছিল। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে নিজেদের পুলিশকর্মী বলে পরিচয় দেন ওই ব্যক্তিরা। এমনকী একটি মোটরবাইকের নম্বরও প্রকাশ করে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।অভিষেকের দাবি, নজরদারির অভিযোগ সামনে আনার পরই রাতের অন্ধকারে তাঁর বাড়িতে হামলা চালানো হয়। এই ঘটনায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তাঁর বক্তব্য, একজন নির্বাচিত সাংসদের বাড়ি ও দফতরের উপর কেন নজরদারি চালানো হচ্ছে, কার নির্দেশে এই কাজ হচ্ছে এবং এর পিছনে উদ্দেশ্যই বা কী, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।ঘটনার পর কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর অভিযোগ, বারবার এমন পরিস্থিতি তৈরি হলেও যথাযথ পদক্ষেপ দেখা যাচ্ছে না। ঘটনার ভিডিও প্রকাশ করার কথাও জানিয়েছেন তিনি।একইসঙ্গে লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন অভিষেক। কারা এই নজরদারির সঙ্গে যুক্ত, কার নির্দেশে তারা কাজ করছিল এবং এর পিছনে কোনও বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি তাঁর।অন্যদিকে, অভিষেকের বাড়ির সামনে রাতের সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের খবরও সামনে এসেছে। কয়েকজনের আহত হওয়ার খবর মিলেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তবে হামলার নেপথ্যে কারা ছিল, তা নিয়ে ওঠা অভিযোগের চূড়ান্ত সত্যতা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।ভোটের আবহে এমনিতেই তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘাত তুঙ্গে। তার মধ্যেই শাসকদলের শীর্ষ নেতার বাড়িতে হামলার অভিযোগ রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের আগুন জ্বালাল। এখন নজর পুলিশের তদন্ত এবং দুই রাজনৈতিক শিবিরের পরবর্তী প্রতিক্রিয়ার দিকে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

