Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ইডেনে শুরু, ইডেনের স্মৃতি নিয়েই বিদায়,টেস্ট ক্রিকেটকে আলবিদা মহম্মদ শামির

0 66,807

সঞ্জয় মিত্র : ভারতীয় ক্রিকেটের পেস আক্রমণে এক পরিচিত অধ্যায়ের সমাপ্তি। ১৩ বছরের দীর্ঘ টেস্ট কেরিয়ারে ইতি টানলেন মহম্মদ শামি। শুক্রবার, ৬ নভেম্বর টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন ভারতীয় দলের অভিজ্ঞ এই পেসার। তবে ক্রিকেটকে এখনই বিদায় জানাচ্ছেন না তিনি। সাদা বলের ক্রিকেটে, অর্থাৎ একদিনের আন্তর্জাতিক ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন শামি। প্রয়োজনে খেলতে পারেন চার দিনের ঘরোয়া ক্রিকেটও।কাকতালীয়ভাবে, ২০১৩ সালের ৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল শামির। ঠিক ১৩ বছর পর সেই একই দিনে লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। অভিষেকেই নজর কেড়েছিলেন এই বঙ্গ-পেসার। প্রথম টেস্টেই দুই ইনিংল মিলিয়ে ১১৮ রানের বিনিময়ে ৯ উইকেট তুলে নিয়ে নিজের আগমনের বার্তা দিয়েছিলেন।টেস্ট কেরিয়ারে ৬৪টি ম্যাচ খেলে শামির সংগ্রহ ২২৯টি উইকেট। গড় ২৭.৭১। রয়েছে ছ’টি পাঁচ উইকেটের ইনিংস। ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে উইকেটসংখ্যার নিরিখে পেসারদের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি। তাঁর আগে রয়েছেন কপিল দেব, জাহির খান, ইশান্ত শর্মা, জাভাগল শ্রীনাথ এবং জসপ্রীত বুমরা।নতুন বলের সুইং থেকে পুরনো বলে রিভার্স সুইং, দুই ক্ষেত্রেই শামির দক্ষতা ছিল অসাধারণ। বিশেষ করে বিদেশের মাটিতে তাঁর বোলিং ভারতকে বহু গুরুত্বপূর্ণ মুহূর্তে স্বস্তি দিয়েছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০১৮ সালের জোহানেসবার্গ টেস্টে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৮ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। পরবর্তী দক্ষিণ আফ্রিকা সফরে সেঞ্চুরিয়ন টেস্টেও আট উইকেট নিয়ে নজর কেড়েছিলেন।তবে তাঁর কেরিয়ার সবসময় মসৃণ ছিল না। একাধিকবার চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ২০২৩ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই ছিল শামির শেষ টেস্ট ম্যাচ। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে ভারতীয় দলের বাইরে ছিলেন তিনি। তবু ঘরোয়া ক্রিকেটে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে গিয়েছেন। চলতি মরশুমে বাংলার হয়ে তিনটি রঞ্জি ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন এই পেসার।সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় শামি জানিয়েছেন, ভারতের সাদা জার্সি ছাড়লেও তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি কখনও ছাড়বেন না। প্রতিটি উইকেট, প্রতিটি লড়াই, চোট এবং প্রত্যাবর্তন তাঁকে নতুন করে শিখিয়েছে। সতীর্থ, কোচ, পরিবার, সমর্থক, বিসিসিআই এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।শামির নাম রয়েছে বাংলার সৈয়দ মুস্তাক আলি ট্রফির দলেও। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। ফলে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের অধ্যায় শেষ হলেও মাঠে তাঁর উপস্থিতি এখনই থামছে না।ইডেনের সেই স্বপ্নের অভিষেক থেকে ২২৯ উইকেটের দীর্ঘ পথচলা। লাল বলের ক্রিকেটে শামির বিদায় ভারতীয় ক্রিকেটে এক স্মরণীয় অধ্যায়ের সমাপ্তি। তবে সাদা বলের লড়াইয়ে এখনও তাঁকে দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper