Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

কোরিয়ার জালে আট গোলের ঝড়, ভারত বুঝিয়ে দিল, হকির রাজা এখনও তারাই

0 54,242

সঞ্জয় মিত্র :জলন্ধর: এ যেন গোলের উৎসব। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারতের দাপটের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করল দক্ষিণ কোরিয়া। সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোরিয়াকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের অপ্রতিরোধ্য মেজাজ আরও একবার বুঝিয়ে দিল পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। শুধু জয় নয়, প্রতিপক্ষকে একটিও গোল করতে না দিয়ে মাঠ ছাড়ল হরমনপ্রীত সিংয়ের দল।প্রথম কোয়ার্টারেই তিন গোলের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজেদের হাতে তুলে নেয় ভারত। কোরিয়া পাল্টা আক্রমণের চেষ্টা করলেও ভারতীয় রক্ষণভাগের দৃঢ়তায় বারবার আটকে যায় তাদের পরিকল্পনা।দ্বিতীয়ার্ধে যেন আরও ভয়ংকর হয়ে ওঠে ভারতীয় আক্রমণ। ৩৩ মিনিটে শিলানন্দ লাকড়া, তার পরের মিনিটেই সুখজিৎ সিং গোল করে ব্যবধান বাড়ান। ৩৬ মিনিটে সঞ্জয়ের গোলে স্কোরলাইন পৌঁছে যায় ৬-০। ৪০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে কোরিয়ার কফিনে কার্যত শেষ পেরেকটি পুঁতে দেন দিলপ্রীত।শেষ কোয়ার্টারেও আক্রমণের ধার কমেনি ভারতের। ম্যাচের ৬০ মিনিটে আঙ্গদ বীর সিংয়ের গোল আট গোলের ব্যবধান নিশ্চিত করে। শেষ পর্যন্ত ৮-০ ব্যবধানের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত।এই জয়ের ফলে পাঁচ ম্যাচে পাঁচটি জয় নিয়ে পূর্ণ ১৫ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ভারত। এর আগে বাংলাদেশকে ১৩-০, চিনকে ৫-২, জাপানকে ৪-১ এবং মালয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছিল হরমনপ্রীতরা।তবে লড়াই এখানেই শেষ নয়। বুধবার ৪ নভেম্বর মোহালিতে সেমিফাইনালে ফের দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ভারত। অন্য সেমিফাইনালে লড়বে জাপান ও মালয়েশিয়া।গ্রুপ পর্বে আট গোলের দাপট দেখিয়ে ভারত বুঝিয়ে দিয়েছে, শিরোপা ধরে রাখার লড়াইয়ে তারা কতটা প্রস্তুত। এবার সামনে নকআউটের পরীক্ষা। গ্রুপ পর্বের দাপটকে সেমিফাইনালেও বজায় রাখতে পারলেই স্বপ্নের আরও কাছে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া।

স্কোরকার্ড:

ভারত ৮-                     দক্ষিণ কোরিয়া ০

        ভারতের গোলদাতারা

দিলপ্রীত সিং: ২

জুগরাজ সিং: ১

হরমনপ্রীত সিং: ১

শিলানন্দ লাকড়া: ১

সুখজিৎ সিং: ১

সঞ্জয়: ১

আঙ্গদ বীর সিং: ১

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper