Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

লিজ়ের বিবাদে রক্তের হোলি, গুয়াহাটির হোটেলে গুলির ঝড়, মৃত ৫

0 661,926

নিজস্ব প্রতিনিধি :গুয়াহাটি: হোটেলের লিজ় নিয়ে বিবাদ, আর তার জেরেই কি এমন ভয়াবহ পরিণতি? ব্যবসায়িক চুক্তির বিরোধ থেকে মুহূর্তের মধ্যে রক্তাক্ত হত্যাকাণ্ডের অভিযোগ উঠল অসমের গুয়াহাটিতে। সোমবার রাতের অন্ধকারে শহরের ‘বিলাস ইন’ হোটেলে চলল এলোপাথাড়ি গুলি। প্রাণ গেল পাঁচ জনের, গুলিবিদ্ধ হয়ে আহত আরও এক। নিহতদের মধ্যে রয়েছেন হোটেলের মালিক হেলেনা ভরালি এবং তাঁর ছেলে দেবর্ষি কাশ্যপ। ঘটনার পর থেকেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মূল অভিযুক্ত ঘনকান্ত গগৈকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি .৩২ বোরের পিস্তল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হোটেলের লিজ়-চুক্তি ঘিরে বিরোধই এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকতে পারে।

চুক্তির বিবাদ থেকে গুলির ঝড়!

পুলিশ সূত্রে খবর, প্রায় এক বছর আগে হোটেলটি লিজ় নিয়ে চালাচ্ছিলেন ঘনকান্ত গগৈ। সম্প্রতি হোটেলের মালিকপক্ষের সঙ্গে চুক্তি নিয়ে তাঁর বিরোধ তৈরি হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তবে ঠিক কোন বিষয়কে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়।সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টা নাগাদ হোটেলের রিসেপশন এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটে। সেই সময়ে সেখানে উপস্থিত ছিলেন হোটেল মালিক, তাঁর ছেলে-সহ একাধিক ব্যক্তি। আচমকা গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন একের পর এক ব্যক্তি। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। 

এক ঘণ্টার মধ্যেই গ্রেফতার অভিযুক্ত

ঘটনার পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে পুলিশের দাবি। শুরু হয় তল্লাশি। শেষ পর্যন্ত এক ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করে গুয়াহাটি পুলিশ। তার কাছ থেকে একটি লাইসেন্সপ্রাপ্ত .৩২ বোরের পিস্তল উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক দাবি, ওই আগ্নেয়াস্ত্র দিয়েই গুলি চালানো হয়েছিল।গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থসারথি মহন্ত জানিয়েছেন, প্রাথমিক তদন্তে হোটেলের লিজ়-চুক্তি সংক্রান্ত বিবাদের যোগ পাওয়া যাচ্ছে। তবে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে। ঘটনার প্রকৃত কারণ এবং সম্পূর্ণ ঘটনাক্রম নিশ্চিত করতে তদন্ত চলছে। 

পাঁচ মৃত্যু, তদন্তে একাধিক প্রশ্ন

এই ঘটনায় মোট ছ’জন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের মধ্যে হোটেল মালিক ও তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি তাঁদের পরিচিত এলাকার আরও এক ব্যক্তি রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।ঘটনাকে কেন্দ্র করে অসমের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। অসম প্রদেশ কংগ্রেস এই ঘটনায় রাজ্য সরকারের সমালোচনা করেছে। তবে রাজনৈতিক অভিযোগের বাইরে এখন তদন্তকারীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ—কী কারণে বিবাদ এতটা ভয়াবহ রূপ নিল, তা প্রমাণসহ সামনে আনা। 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper