Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ক্যামেরুনকে হারিয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ভারতের টানা দ্বিতীয় জয়

0 77,853

নিজস্ব সংবাদদাতা, (বাকু) : জয়ের ধারা অব্যাহত রাখল ভারতের অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল আজারবাইজান ২০২৬-এর গ্রুপ পর্বে ক্যামেরুনকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল ভারতের খুদে ফুটবলাররা। রবিবার, ২৫ অক্টোবর বাকুর হোভসান কমপ্লেক্সের মাঠে এই ম্যাচে গোলরক্ষক জেনিত নিংথৌজামের দুরন্ত পারফরম্যান্স ভারতের জয়ের অন্যতম প্রধান কারণ হয়ে ওঠে।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। প্রথম মিনিটেই দীপক সিং আরামবামের কর্নার থেকে তৈরি হয় বিপজ্জনক পরিস্থিতি। বল বিপন্মুক্ত করতে গিয়ে ক্যামেরুনের ফুটবলার ফারেইল এনগোবো নিজেদের জালেই বল জড়িয়ে দেন। ফলে শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায় ভারত।গোল খাওয়ার পর ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে ক্যামেরুন। ভারতের রক্ষণভাগকে চাপে রাখলেও সহজে গোলের সুযোগ তৈরি করতে পারছিল না তারা। একের পর এক আক্রমণ সামলে ভারতীয় ফুটবলাররা নিজেদের লিড ধরে রাখার চেষ্টা করেন।১৪ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ভারত। দীপকের কিক-ইন থেকে ক্যামেরুনের বক্সে বিভ্রান্তি তৈরি হয়। গোলরক্ষক বল ঠিকমতো ধরতে না পারায় সুযোগ পেয়ে যান ভারত অধিনায়ক আর লালরেমরুয়াতফেলা। কিন্তু ক্যামেরুনের এক ডিফেন্ডার শেষ মুহূর্তে বল আটকে দেন।এরপর ভারতের ত্রাতা হয়ে ওঠেন গোলরক্ষক জেনিত। ১৬ মিনিটে ক্যামেরুনের ফ্রি-কিক থেকে আসা শট দুরন্ত দক্ষতায় আটকে দেন তিনি। পরের মিনিটেই র‍্যান্ডি এনগোমের শট রুখে দেন। ১৮ মিনিটে নামদাম মোকতারের একের বিরুদ্ধে এক পরিস্থিতির শটও আটকে দেন জেনিত।তবে ভারতীয় গোলরক্ষকের লড়াই সত্ত্বেও বিরতির আগে সমতা ফেরায় ক্যামেরুন। ২০ মিনিটে ডান দিক থেকে মোকতারের ক্রস ভারতীয় ফুটবলার মুহাম্মদ সোহিল খানের গায়ে লেগে গোলে ঢুকে যায়। ফলে আত্মঘাতী গোলে ১-১ হয়ে যায় ম্যাচ।

দ্বিতীয়ার্ধে নতুন উদ্যমে মাঠে নামে ভারত। বিরতিতে পরিবর্ত হিসেবে নামানো হয় রোনানদেব আহেইবামকে। ২৭ মিনিটে মাঝমাঠে বল দখল করে দীপকের উদ্দেশে বল বাড়িয়ে দেন তিনি। দীপকের নিচু ক্রস থেকে ঠান্ডা মাথায় বাঁ পায়ের শটে গোল করে ভারতকে ফের এগিয়ে দেন অধিনায়ক লালরেমরুয়াতফেলা। তাঁর নিখুঁত ফিনিশে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত।৩১ মিনিটে পেনাল্টি পেয়ে সমতা ফেরানোর সুযোগ তৈরি করে ক্যামেরুন। বক্সের বাইরে থেকে আসা শট নারা মেইতেই লৌশামবামের হাতে লাগায় পেনাল্টি দেন রেফারি। কিন্তু এবারও বাধা হয়ে দাঁড়ান জেনিত। ৩২ মিনিটে হারুনা আবদুলায়ের পেনাল্টি আটকে দিয়ে ভারতের জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন তিনি।শেষ দিকে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায় ভারত। রোনানদেবের জোরালো শট আটকে দেন ক্যামেরুনের গোলরক্ষক। পরে সৌমোজিৎ সরকারের ফ্রি-কিকও ক্রসবারের উপর দিয়ে ঠেলে দেন তিনি। শেষ পর্যন্ত আর গোল হয়নি। ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।এই জয়ের ফলে গ্রুপ কে-তে পরপর দু’টি ম্যাচ জিতে এককভাবে শীর্ষে রয়েছে ভারত। গ্রুপের অন্য ম্যাচে লাওস ও বাহরাইন ১-১ গোলে ড্র করেছে। অন্যদিকে গ্রেনাডাকে ৬-১ গোলে হারিয়েছে সেনেগাল।

রবিবারই পরের ম্যাচে গ্রেনাডার মুখোমুখি হবে ভারত। ম্যাচ শুরু ভারতীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে। এরপর ২৬ অক্টোবর বাহরাইন ও সেনেগালের বিরুদ্ধে খেলবে তারা। পাঁচটি ম্যাচের ফলের ভিত্তিতেই নির্ধারিত হবে দ্বিতীয় পর্বে ভারতের অবস্থান।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper