Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

শিরোনামে ‘গেরুয়া গুণ্ডামি’, এবার আনন্দবাজারের দেওয়ালেও গেরুয়া! অফিস ঘিরে তুমুল বিক্ষোভ

0 55,908,867

শ্রীতমা ব্যানার্জী ::‘গেরুয়া গুণ্ডামি’ শব্দবন্ধ নিয়ে বিতর্ক এবার পৌঁছল আনন্দবাজার পত্রিকার দফতরের সামনে। মঙ্গলবার দুপুরে কলকাতায় সংবাদপত্রটির অফিস ঘিরে বিক্ষোভ দেখায় একটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। অভিযোগ, বিক্ষোভের সময় দফতরের দেওয়ালের একাংশে গেরুয়া রং লাগানো হয়। ঘটনাস্থলে কলকাতা পুলিশের কর্মীরা উপস্থিত থাকলেও তাঁদের সামনেই চলে স্লোগান ও বিক্ষোভ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি সদস্যদের সঙ্গে সংঘর্ষের ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল আনন্দবাজার পত্রিকা। সেই প্রতিবেদনের একটি শিরোনামে ব্যবহার করা হয়েছিল ‘গেরুয়া গুণ্ডামি’ শব্দবন্ধ। অন্য একটি সংস্করণে ছিল ‘প্রতীক ভেঙে গেরুয়া গুণ্ডামি’—এই শিরোনামকে ঘিরেই শুরু হয় রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। মঙ্গলবার দুপুর প্রায় পৌনে দু’টো নাগাদ বিক্ষোভকারীরা আনন্দবাজারের দফতর ঘিরে ফেলেন বলে অভিযোগ। তাঁদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড, মুখে ওঠে ‘গেরুয়ার অপমান ভারত সহ্য করবে না’ ধরনের স্লোগান। সেই সময়ই অফিসের দেওয়ালের কিছু অংশে গেরুয়া রং লাগানো হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন সাংবাদিক রবীশ কুমার। তাঁর বক্তব্য, সংবাদমাধ্যমের দফতরে এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এর আগে ‘গেরুয়া গুণ্ডামি’ শব্দবন্ধ নিয়ে প্রকাশ্যেই আপত্তি জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি টেলিভিশন কনক্লেভে তিনি বলেন, রাজনৈতিক দলের সমালোচনা বা তাদের বিরুদ্ধে প্রতিবেদন করা যেতে পারে। প্রয়োজনে ‘বিজেপির তাণ্ডব’ কিংবা ‘এবিভিপির তাণ্ডব’-এর মতো শব্দ ব্যবহার করা যেত। কিন্তু ‘গেরুয়া গুণ্ডামি’ বলা উচিত হয়নি বলে তাঁর দাবি।সেই বক্তব্যে তিনি আরও সতর্ক করে দিয়েছিলেন, গেরুয়া নিয়ে আক্রমণ না করার জন্য। তাঁর মন্তব্য ঘিরেও পরে শুরু হয় বিতর্ক। এদিকে এই শিরোনামকে কেন্দ্র করে ইতিমধ্যেই আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগের কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সাংবাদিক ঈশানী দত্ত রায় ও সোমা মুখোপাধ্যায়ের নামও রয়েছে সেই অভিযোগে। বউবাজার থানায় ২৭ অগস্ট দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯ এবং ৩৫২ ধারার পাশাপাশি ৩(৫) ধারায় মামলা করা হয়েছে। অভিযোগকারী সঞ্জয় শাস্ত্রী মহারাজ নিজেকে গেরুয়া বসনধারী হিন্দু সন্ন্যাসী হিসেবে পরিচয় দিয়ে দাবি করেছেন, ‘গেরুয়া গুণ্ডামি’ শব্দবন্ধে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। মামলার ১৯৬ ধারা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা বা বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগের সঙ্গে যুক্ত। ২৯৯ ধারা ধর্মীয় অনুভূতিতে ইচ্ছাকৃত ও বিদ্বেষমূলক আঘাতের অভিযোগ এবং ৩৫২ ধারা শান্তিভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমানের সঙ্গে সম্পর্কিত। ৩(৫) ধারা একই উদ্দেশ্যে একাধিক ব্যক্তির কাজের ক্ষেত্রে যৌথ দায়ের বিষয়টি প্রযোজ্য হতে পারে।তবে এই মামলার বিরোধিতা করেছে ফেডারেশন অফ প্রেস ক্লাব। দেশের আটটি প্রেস ক্লাবের এই যৌথ মঞ্চের অভিযোগ, সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর চাপ তৈরি করছে। সংগঠনটি পশ্চিমবঙ্গ সরকারের কাছে মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছে। ‘গেরুয়া গুণ্ডামি’—দুটি শব্দের ব্যবহারকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক এখন আরও বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে সংবাদমাধ্যম ও রাজনীতিকে। একটি সংবাদ শিরোনাম কতটা রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি করতে পারে, আর সেই প্রতিক্রিয়া কখন সংবাদমাধ্যমের দফতর পর্যন্ত পৌঁছে যায়—মঙ্গলবারের ঘটনা সেই প্রশ্নই ফের সামনে এনে দিল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper