Khabor Ekhon
বরানগরে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, উত্তেজনা এলাকায়
শ্রীতমা ব্যানার্জী ::বরানগরে বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম রিয়া পাল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্তে মৃতার স্বামী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাঁদের থানায় নিয়ে যাওয়ার সময়ই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তোলেন তাঁরা। স্থানীয় সূত্রের দাবি, রিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন এলাকার মানুষ। শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরপর বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, কোনও আগাম সতর্কতা ছাড়াই পুলিশ লাঠিচার্জ করেছে। এদিকে, মহিলার মৃত্যু আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

