Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

সীমান্ত সুরক্ষায় ‘চিকেনস নেক’-এ বাড়তি নজর, আজ শিলিগুড়িতে অমিত শাহ

0 5,490,917

রাজনন্দিনী ঘোষ : উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা আরও আঁটসাঁট করার বার্তা নিয়ে আজ, বৃহস্পতিবার, শিলিগুড়িতে পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিন দিনের এই সফরে সীমান্ত পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ভারত-নেপাল ও ভারত-ভুটান সীমান্তের নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখবেন তিনি। সফরে তাঁর সঙ্গে থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ আধিকারিক এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কর্তাদের। এক মাসের ব্যবধানে কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলে শাহের দ্বিতীয় সফর ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে প্রস্তুতি। আজ বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়ির উপকণ্ঠের একটি বেসরকারি রিসর্টে যাওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। শুক্রবার রানিডাঙায় সশস্ত্র সীমা বলের (SSB) শিলিগুড়ি ফ্রন্টিয়ার সদর দফতরে যাবেন শাহ। সেখানে নতুন প্রশাসনিক ভবনের ‘ভূমি পূজন’, সীমান্তরক্ষী জওয়ানদের সঙ্গে মতবিনিময় এবং ভারত-নেপাল ও ভারত-ভুটান সীমান্তের সামগ্রিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক হওয়ার কথা। এরপর কাভাখালি গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর সঙ্গে ‘ন্যায় সংহিতা প্রদর্শনী’-র উদ্বোধন করবেন তিনি। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম—২০২৪ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়া এই তিন আইনের বিভিন্ন দিক সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই প্রদর্শনী। আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে অনুষ্ঠান। শুক্রবার ও শনিবার একাধিক উচ্চপর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠকেও শাহের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার দুপুরে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা তাঁর। এর আগে জুলাইয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেছিলেন শাহ। পরপর এই সফরগুলিতে সীমান্ত পরিকাঠামো ও নিরাপত্তাকে যে কেন্দ্র বিশেষ গুরুত্ব দিচ্ছে, তা স্পষ্ট বলেই মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ। শাহের সফর ঘিরে শিলিগুড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি হয়েছে একাধিক এলাকায়। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত শহর ও সংলগ্ন এলাকায় যান চলাচলেও থাকছে বিশেষ বিধিনিষেধ। রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের পাশাপাশি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটও প্রস্তুতি খতিয়ে দেখেছে। শিলিগুড়ির আকাশে নজরদারি, মাটিতে কড়া নিরাপত্তা—সীমান্তের ‘চিকেনস নেক’-এ শাহের তিন দিনের সফর ঘিরে বাড়ছে রাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper