Khabor Ekhon
“চুরির অভিযোগে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত, এবার কোলাবা মামলায় মিলল জামিন!”
ইন্দ্রানী ঘোষ : মুম্বইয়ের কোলাবায় ১.৪৮ লক্ষ টাকার চুরির অভিযোগে গ্রেফতার বাংলা অভিনেত্রী রূপা উমাশঙ্কর দত্ত জামিন পেলেন। ৪৩ বছর বয়সি অভিনেত্রীকে ব্যক্তিগত ৫০ হাজার টাকার বন্ডে জামিন দিয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আদালতের নির্দেশ, তদন্তে কোনওভাবে প্রমাণ নষ্ট করার চেষ্টা করা যাবে না এবং আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না রূপা।অভিযোগ অনুযায়ী, গত ১২ জুলাই মেরিন ড্রাইভের বাসিন্দা ডিম্পল সিংভি বাবুলনাথ মন্দির থেকে কোলাবার দিকে ভিড়ের মধ্যে যাওয়ার সময় তাঁর ব্যাগ চুরি যায়। ব্যাগে ছিল প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের হিরে বসানো সোনার ব্রেসলেট, ১০ হাজার টাকা নগদ, ১৫ হাজার টাকা মূল্যের আপেল এয়ারপোডস , একটি ওয়ালেট এবং বেশ কিছু ব্যক্তিগত নথি। সব মিলিয়ে চুরি যাওয়া সামগ্রীর মূল্য প্রায় ১.৪৮ লক্ষ টাকা বলে অভিযোগ। তদন্তে নেমে কোলাবা পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। পুলিশের দাবি, ফুটেজে রূপা দত্তকে অভিযোগকারিণীকে অনুসরণ করতে দেখা যায়। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তাঁর কাছ থেকে চুরি যাওয়া কিছু সামগ্রীও উদ্ধার হয়েছে। যদিও আদালতে রূপার আইনজীবী সুনীল পাণ্ডে অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, অভিনেত্রীকে মিথ্যাভাবে মামলায় জড়ানো হয়েছে এবং তিনি পরিস্থিতির শিকার। রূপা দত্ত বাংলা ও হিন্দি সিনেমায় কাজ করেছেন। ‘সাথী’সহ কয়েকটি বাংলা ছবিতে অভিনয়ের পাশাপাশি ‘জয় মা বৈষ্ণোদেবী’ হিন্দি ধারাবাহিকেও তাঁকে দেখা গিয়েছে। এর আগে ২০২২ সালে কলকাতা বইমেলায় পকেটমারির অভিযোগে রূপা দত্ত গ্রেফতার হওয়ার পরও তিনি সংবাদ শিরোনামে এসেছিলেন। ফের চুরির অভিযোগে গ্রেফতারির পর কোলাবা মামলাটি ঘিরে নতুন করে তাঁকে নিয়ে চর্চা শুরু হয়। তবে বর্তমান মামলায় আদালত তাঁকে জামিন দিয়েছে এবং অভিযোগগুলির চূড়ান্ত সত্যতা বিচারপ্রক্রিয়াতেই নির্ধারিত হবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

