Khabor Ekhon
‘ভালো টাকা দেব’—প্রলোভন, তারপর পথ আটকানোর অভিযোগ! কাঠগড়ায় কনস্টেবল
শ্রীতমা ব্যানার্জী : নিউটাউনের সুখবৃষ্টি আবাসনে এক গৃহকর্মীকে অনুসরণ করে শ্লীলতাহানি এবং জোর করে নিজের ফ্ল্যাটে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল কলকাতা পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে। বুধবার ওই মহিলা আবাসনে কাজ করতে গেলে ঘটনাটি ঘটে বলে অভিযোগ। ঘটনার পর টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। তাঁকে থানায় হাজির হওয়ার জন্য নোটিসও পাঠানো হয়েছে। যৌন হেনস্থা এবং বেআইনিভাবে পথ আটকানোর অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র সংশ্লিষ্ট ধারায় তদন্ত শুরু হয়েছে।
অভিযোগকারিণীর দাবি, আবাসনে ঢোকার পরই ওই ব্যক্তি তাঁর কাছে এসে তাঁকে নিজের ফ্ল্যাটে যাওয়ার প্রস্তাব দেন। সেখানে তিনি একাই থাকেন জানিয়ে, তাঁর সঙ্গে সময় কাটালে ভালো টাকা দেওয়ার কথাও বলেন বলে অভিযোগ। মহিলা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্ত তাঁর পথ আটকান এবং তাঁকে জোর করে ফ্ল্যাটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ।
কোনওভাবে নিজেকে ছাড়িয়ে নিয়ে মহিলা দৌড়তে শুরু করেন। এরপর আবাসনের একটি মাঠে ফুটবল খেলছিল কয়েকজন যুবক। তাঁদের কাছে গিয়ে আশ্রয় নেন তিনি। অভিযোগ, ওই সময় অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান।
এরপর মহিলা কিছুটা স্বস্তি পেয়ে নিজের নিয়োগকর্তার ফ্ল্যাটের দিকে যাওয়ার সময় ফের তাঁকে অনুসরণ করা হয় বলে অভিযোগ। তখন তিনি নিরাপত্তারক্ষীদের কাছে গিয়ে সাহায্য চান। তাঁকে নিরাপত্তারক্ষীদের দিকে এগিয়ে যেতে দেখে অভিযুক্ত ফের সরে যান বলে অভিযোগ।
অভিযোগকারিণীর দাবি, নিরাপত্তারক্ষীরাই তাঁকে থানায় গিয়ে অভিযোগ জানানোর পরামর্শ দেন। পরে বাড়ি ফিরে স্বামীকে পুরো ঘটনা জানান তিনি। এরপর স্বামীর সঙ্গে টেকনো সিটি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
মহিলার স্বামীর দাবি, তিনি নিজে আবাসনে গিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে অভিযুক্তের ফ্ল্যাট চিহ্নিত করেন এবং তার ছবি তোলেন। এরপর পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানান।
পুলিশের বক্তব্য, ঘটনার সময় শ্লীলতাহানির অভিযোগের পক্ষে সরাসরি সাক্ষী এখনও পাওয়া যায়নি। তাই আপাতত অভিযুক্তকে গ্রেফতার না করে তদন্ত শুরু করা হয়েছে এবং তাঁকে থানায় হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে।
তদন্তকারীরা আবাসনের নিরাপত্তারক্ষী, স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য সম্ভাব্য সাক্ষীদের সঙ্গে কথা বলছেন। অভিযোগের সত্যতা যাচাই করতে ঘটনাস্থলের তথ্য ও অন্যান্য প্রমাণও খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে দোষী বলা যায় না। তবে এক পুলিশকর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় ঘটনাটি ঘিরে আবাসনে চাঞ্চল্য ছড়িয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

