AB Live News
পেলভিসে পৌঁছে গিয়েছিল ধাতব স্ক্রু, রোবোটিক অস্ত্রোপচারে সফল কলকাতার চিকিৎসকেরা
শ্রীতমা ব্যানার্জী: হাজার হাজার কিলোমিটার দূরের আফ্রিকার দেশ ঘানা থেকে ভরসা ছিল কলকাতার চিকিৎসকদের উপর। সেই ভরসাই শেষ পর্যন্ত ফিরিয়ে দিল স্বস্তি। জটিল রোবোটিক অস্ত্রোপচারের মাধ্যমে এক তরুণীর শরীর থেকে সফল ভাবে বের করে আনা হল বহু বছর আগে বসানো অর্থোপেডিক ইমপ্ল্যান্টের একটি ধাতব স্ক্রু, যা নীরবে সরে এসে পৌঁছে গিয়েছিল পেলভিসের গভীরে।
চিকিৎসকদের বক্তব্য, কিশোরী বয়সে হাড়ের অস্ত্রোপচারের সময় ওই স্ক্রুটি বসানো হয়েছিল। দীর্ঘদিন কোনও সমস্যা না থাকলেও সম্প্রতি তলপেটে অস্বস্তি ও ব্যথা শুরু হলে পরীক্ষা করে দেখা যায়, স্ক্রুটি আর নিজের জায়গায় নেই। ধীরে ধীরে সেটি শরীরের ভিতরে সরে এসে এমন জায়গায় পৌঁছেছে, যেখানে সামান্য নড়াচড়াতেই বড় রক্তনালি বা গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল।
এই পরিস্থিতিতে খোলা অস্ত্রোপচারের পরিবর্তে রোবোটিক সার্জারির পথই বেছে নেন চিকিৎসকেরা। অত্যন্ত সূক্ষ্ম নিয়ন্ত্রণের সাহায্যে নিরাপদে স্ক্রুটি বের করে আনা সম্ভব হয়। অস্ত্রোপচার সফল হয়েছে বলেই জানিয়েছে হাসপাতাল। বর্তমানে তরুণীর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
চিকিৎসকদের মতে, বহু বছর আগে বসানো অর্থোপেডিক ইমপ্ল্যান্টও নিয়মিত পর্যবেক্ষণে রাখা জরুরি। বিরল হলেও ইমপ্ল্যান্টের কোনও অংশ স্থানচ্যুত হয়ে শরীরের ভিতরে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। ঘানা থেকে কলকাতায় এসে সফল এই অস্ত্রোপচার আবারও জটিল চিকিৎসায় শহরের দক্ষতা ও আধুনিক প্রযুক্তির সক্ষমতাকে সামনে এনে দিল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

