Khabor Ekhon
টাইব্রেকারে বাজিমাত! অস্ট্রেলিয়াকে বিদায় করে শেষ ষোলোয় মিশর
১২০ মিনিটেও মেলেনি ফয়সালা। শেষ পর্যন্ত টাইব্রেকারের স্নায়ুযুদ্ধে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠে গেল মিশর। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে স্কোর ছিল ১-১। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে নকআউটে জায়গা পাকা করল আফ্রিকার দল।
ম্যাচের শুরুতে ক্রিস্তিয়ান ভলপাতোর শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়। সেই ধাক্কা সামলে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মিশর। প্রথমার্ধে ইমাম আশুরের হেডে এগিয়ে যায় তারা। বিরতির পর ব্যবধান বাড়ানোর সোনার সুযোগ পেলেও তা নষ্ট করেন ওমর মারমুশ।
সুযোগ হাতছাড়া করায় তারই খেসারত দিতে হয়। দ্বিতীয়ার্ধে মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। ইনজুরি টাইমে রামি রাবিয়ার জোরালো প্রচেষ্টা অবিশ্বাস্য সেভে ফিরিয়ে দেন গোলরক্ষক প্যাট্রিক বিচ। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ে মোহাম্মদ সালাহ একাধিক আক্রমণ তৈরি করলেও জয়ের গোল আসেনি। টাইব্রেকারের আগে অস্ট্রেলিয়া গোলপোস্টে নামায় অভিজ্ঞ ম্যাট রায়ানকে। কিন্তু সেই চালও কাজে লাগেনি।
টাইব্রেকারে মিশরের চার শুটারই নিখুঁত। সালাহর ঠান্ডা মাথার ‘পানেঙ্কা’ শট বাড়িয়ে দেয় আত্মবিশ্বাস। অন্যদিকে হ্যারি সাউটার ও লুকাস হেরিংটনের শট লক্ষ্যভ্রষ্ট হতেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার স্বপ্ন।
বিশ্বকাপের শেষ ষোলোয় এবার মিশরের সামনে অপেক্ষা করছে আর্জেন্টিনা অথবা কেপ ভার্দে। আফ্রিকার দলটি কি আরও এক চমক দেখাতে পারে, এখন সেই দিকেই নজর ফুটবলপ্রেমীদের।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

