Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

“অভিযোগের দীর্ঘ অধ্যায়ে নতুন মোড়— নীরবতার জায়গা নিল গ্রেফতারের খবর।”

0 50,216,879

শ্রীতমা ব্যানার্জী :কোটি কোটি টাকার সম্পত্তির তথ্য গোপন, খুন, তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগের মামলায় বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। বুধবার পুরুলিয়া থেকে তাঁকে আটক করা হয়। পরে বিধাননগর থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে গ্রেফতার দেখানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
তদন্তকারী সংস্থার দাবি, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বিধাননগর থানায় দায়ের হওয়া এফআইআরের পাশাপাশি বাগুইআটি থানাতেও একাধিক অভিযোগ নথিভুক্ত রয়েছে। অভিযোগগুলির মধ্যে রয়েছে বেআইনি আর্থিক লেনদেন, তোলাবাজি, খুন-সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ। তদন্তের স্বার্থে তাঁর আর্থিক লেনদেন ও সম্পত্তির উৎসও খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে দেবরাজ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী, প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সী, গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে রক্ষাকবচের আবেদন করেছিলেন। প্রথম পর্যায়ে আদালত তাঁদের অন্তর্বর্তী সুরক্ষা দিলেও সেই মেয়াদ শেষ হওয়ার পর ফের আবেদন করা হয়। আদালত অদিতি মুন্সীকে রক্ষাকবচ দিলেও দেবরাজ চক্রবর্তীর ক্ষেত্রে সেই আবেদন মঞ্জুর হয়নি। আদালতের সুরক্ষা শেষ হওয়ার প্রায় এক সপ্তাহের মধ্যেই তাঁকে গ্রেফতার করা হল।
দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সীর বিরুদ্ধে অভিযোগ, বিপুল পরিমাণ সম্পত্তি থাকা সত্ত্বেও নির্বাচনী হলফনামায় তার পূর্ণাঙ্গ বিবরণ দেওয়া হয়নি। কয়েকশো কোটি টাকার সম্পত্তির হিসেব গোপন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়।
অভিযোগকারী এবং বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির দাবি, দেবরাজ চক্রবর্তীর সম্পত্তির পরিমাণ প্রায় ১,৩০০ কোটি টাকা, যার বাইরেও আরও সম্পদের সন্ধান মিলতে পারে। তিনি আরও অভিযোগ করেন, দেবরাজ চক্রবর্তী প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের ঘনিষ্ঠ ছিলেন এবং কয়লা পাচার-সহ একাধিক বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত দেবরাজ চক্রবর্তী বা তাঁর আইনজীবীর তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি।
এদিকে, দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারের পর তদন্ত আরও বিস্তৃত হতে পারে বলে মনে করা হচ্ছে। তদন্তকারী সংস্থা তাঁর আর্থিক লেনদেন, সম্পত্তির উৎস এবং অভিযোগে উল্লিখিত অন্যান্য ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper