Khabor Ekhon
রাতের কারবার,ভোরেই ধাক্কা,দেগঙ্গায় গ্রেফতার ২
শ্রীতমা ব্যানার্জী :পশু জবাই নিয়ে রাজ্য সরকারের কড়া অবস্থান এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পরেই কি আরও তৎপর পুলিশ প্রশাসন?উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় বেআইনিভাবে গরু জবাই ও মাংস বিক্রির অভিযোগে দু’জনকে গ্রেফতারের ঘটনায় নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।রবিবার ভোরে দেগঙ্গার মীরপাড়ায় অভিযান চালিয়ে ওসমান আলি এবং মহম্মদ সেলিম নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে গবাদি পশু জবাই করে মাংস বিক্রির কারবার চলছিল। রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে এই বেআইনি কাজ চালানো হত বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে তদন্তকারীরা।পুলিশ সূত্রে খবর, এই কর্মকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে মীর মোকশেদ আলির নাম উঠে এসেছে। অভিযোগ, তিনিই ওই বেআইনি কারবার পরিচালনা করতেন। ধৃত দু’জন তাঁকে এই কাজে সহযোগিতা করতেন বলে পুলিশের দাবি। গোপনে মাংস বিক্রির খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ভোররাতে অভিযান চালায়। সেই অভিযানে দু’জনকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হলেও মূল অভিযুক্ত মীর মোকশেদ আলি পালিয়ে যেতে সক্ষম হন।পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি গোটা চক্রের সঙ্গে আর কারা জড়িত, কতদিন ধরে এই কারবার চলছিল এবং কোথায় কোথায় মাংস সরবরাহ করা হত, তা খতিয়ে দেখা হচ্ছে।
শুভেন্দুর হুঁশিয়ারির পরেই নজরে দেগঙ্গা
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যে বেআইনি গরু জবাই বন্ধে কড়া অবস্থানের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেআইনি পশু জবাইয়ের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে নতুন বিল আনার কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রচলিত আইন মেনে অনুমোদিত কসাইখানায় নির্দিষ্ট নিয়মে পশু জবাইয়ের বিষয়টিও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। সেই রাজনৈতিক ও প্রশাসনিক আবহের মধ্যেই দেগঙ্গায় এই গ্রেফতারি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কাকদ্বীপেও পচা মাংস ঘিরে বিতর্ক
এদিকে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপেও মাংসের গুণমান নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ।স্থানীয় একটি অনুষ্ঠানের জন্য প্রায় ১২০ কেজি খাসির মাংসের বরাত দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। অভিযোগ,সরবরাহ করা তাজা মাংসের সঙ্গে পচা মাংস মিশিয়ে দেওয়া হয়েছিল। শুক্রবার ঘটনাটি ঘটলেও শনিবার বিষয়টি প্রকাশ্যে আসে।অভিযোগ পাওয়ার পর কাকদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট দোকানদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।দেগঙ্গায় বেআইনি পশু জবাইয়ের অভিযোগ এবং কাকদ্বীপে পচা মাংস সরবরাহের বিতর্ক,দুটি পৃথক ঘটনা হলেও মাংসের ব্যবসায় নজরদারি, খাদ্যসুরক্ষা এবং প্রশাসনিক তৎপরতা নিয়ে একাধিক প্রশ্ন সামনে এসেছে।এখন নজর পলাতক মূল অভিযুক্তের সন্ধান এবং দেগঙ্গার কথিত বেআইনি কারবারের পিছনে আরও বড় কোনও চক্র রয়েছে কি না, সেদিকে। তবে সমস্ত অভিযোগই এখনও তদন্তসাপেক্ষ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

